কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ইফতার শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—গোবিন্দপুর গ্রামের আবুল বাশার (৩২), মিজানুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৪৫), রাশেদ তরফদার (৪০), হাসান তরফদার (৩৮), সিদ্দিক গাজী (৪২) এবং কুশুলিয়া গ্রামের সরোয়ার হোসেন (৪৪)।
আহতদের মধ্যে আবুল বাশারকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম সজিব নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোহরাওয়ার্দী পার্ক মাঠে একটি ইফতার মাহফিল শেষে ফেরার পথে স্বতন্ত্র গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের একটি দল মোটরসাইকেলে এসে তাদের বহনকারী গাড়ি থামিয়ে অতর্কিত লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে হামলা চালায়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে, বিএনপি পক্ষের একজনও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে।

