,কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সরকারি খাস খালের পানি চলাচলের গেট বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। সে ক্ষেত্রে প্রতি বর্ষা মৌসুমে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছেন এবং পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা জবেদ আলী সরদারের ছেলে জয়নাল আবেদীন এলাকাবাসীর পক্ষে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ভাড়াশিমলা ও নারায়ণপুর মৌজার একটি সরকারি খাস খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়ে জলাবদ্ধতা নিরসন হয়। কিন্তু প্রায় ১৭ বছর আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খালের পানি চলাচলের গেট বন্ধ করে জবরদখলে নিয়ে নিজেদের ইচ্ছামতো পানি উত্তোলন ও বন্ধ করে দিচ্ছেন। ফলে এলাকার সাধারণ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়ছেন। অভিযোগে বিবাদী হিসেবে ভাড়াশিমলা গ্রামের শেখ নূর আহম্মদের ছেলে শেখ জামিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত শেখ শাহাজানের ছেলে শেখ খায়রুল ইসলাম, শেখ মনিরুল ইসলামের ছেলে রানা এবং সাবিরুল ইসলামের ছেলে শেখ রকিবুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ-২৬) বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি চলাচলের পথ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে পশ্চিম নারায়ণপুরসহ আশপাশের এলাকা জলাবদ্ধতার ঝুঁকিতে থাকে। এ সময়ে ভাড়াশিমলা ইউনিয়নের মৃত মাহমুদ সরদারের ছেলে মহসিন আলী, জবেদ আলী সরদারের ছেলে জয়নাল আবেদীন, জাকির হোসেন, হাফিজুর রহমান, খান মাহবুবুর রহমান হাসু, ইউসুফ রাব্বি এবং স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামসহ কয়েকজন গ্রামবাসী সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তারা বহুবার প্রতিবাদ করলেও প্রভাবশালীদের কারণে কোনো সমাধান হয়নি। তারা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গত ৪ মার্চ ২০২৬ তারিখে খালটি মাপজরিপ করে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযুক্তরা তা মানছেন না এবং জবরদখলে রেখেছেন। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, খালটি উন্মুক্ত করার চেষ্টা করলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে এলাকায় যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসী দ্রুত তদন্ত করে সরকারি খাস খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

