সমাজের আলো।। ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ এলাকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক এএসআই (৩২)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক এএসআই একই গ্রামের বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানা-এ কর্মরত। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৪-৫ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগদান করেননি।
এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে ওই এএসআই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। রাত দেড়টার দিকে তারা ঘরে গিয়ে তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
আটক ওই নারী (২৩) একই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। তার দুই বছর বয়সী যমজ ছেলেসন্তান রয়েছে। একই এলাকায় বসবাসের সুবাদে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল বলে স্থানীয়রা দাবি করেন। অপরদিকে এএসআইয়েরও সাত বছর ও আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানা-র এসআই মো. রফিকুল ইসলাম জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও ওই নারীকে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

