সমাজের আলো।। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর মারা গেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন।

গ্রিক কোস্টগার্ড শুক্রবার গভীর রাতে জানায়, ফ্রনটেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে।পরে কোস্টগার্ড এএফপিকে জানায়, বেঁচে ফেরা ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন।

কোস্টগার্ড জানায়, আহত দুইজনকে ক্রিটের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রত্যাশীদের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথে যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং খাবার ও পানীয় ছাড়া ছয় দিন সমুদ্রে ভেসে থাকেন।

তারা আরও জানায়, মৃতদের মরদেহ একজন পাচারকারীর নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর, এবং তাদের মানবপাচারকারী বলে সন্দেহ করা হচ্ছে।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ এবং অবহেলার কারণে হত্যার অভিযোগে তদন্ত চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *