সমাজের আলো।। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩৩ বিজিবির সূত্রে জানা গেছে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ভোমরা স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে।
সন্দেহভাজন পরিবহন ও চলাচলে কঠোর নজর রাখা হচ্ছে। কোনোভাবেই যেন সীমান্ত পথে জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি।
শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় ভারত সীমান্তবর্তী ভোমরা জিরো পয়েন্টে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
কাজী আশিকুর রহমান জানান, বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বা বাংলাদেশি গাড়ি অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি করা হচ্ছে এবং ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে।

