সমাজের আলো।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ মন্ডল ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ধানক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন কৃষকরা। গতকাল সন্ধ্যায় সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান।

বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
অসাবধানতাবশত নিজের বা অন্যের পেতে রাখা এই বৈদ্যুতিক মরণফাঁদে প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইঁদুর মারার জন্য ধানক্ষেতে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বেআইনি হলেও অনেকে গোপনে এই কাজ করছেন, যার ফলে অকালেই ঝরে গেল একটি প্রাণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *