সমাজের আলো।। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনমন হয়ে ১৩তম স্থানে দাঁড়িয়েছে। ১৮২টি দেশের ওপর পরিচালিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে।
১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর এবার ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক নিচে। যদিও গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বেড়েছে, তবে অন্যান্য দেশের তুলনায় অগ্রগতির হার কম হওয়ায় সামগ্রিক র্যাঙ্কিংয়ে দেশটির এই অবনতি হয়েছে। ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সূচকের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার পেছনে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ইতিবাচক মূল্যায়ন কাজ করেছে। তবে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা এবং মাঠপর্যায়ে দুর্নীতির চিত্র অপরিবর্তিত থাকাসহ নানা কারণে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে।

