যশোর অফিস
বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।
কাস্টমস সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট কদর এন্ড কোং-এর মাধ্যমে একটি পণ্য চালান বন্দরে আসে। ভারতীয় একটি ট্রাকে ঘাসের বীজ ঘোষণা দিয়ে মোট ১ হাজার ৫০০ বস্তায় ৪৫.৬ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই বেনাপোল স্থলবন্দর ইউনিট বিষয়টি বেনাপোল কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করে। পরে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি পরীক্ষা করলে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ পাওয়া যায়।
সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য।
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

