সমাজের আলো।। ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে রাঁচি থেকে দিল্লি যাওয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে (Charter Plane Crash) পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাঁচি বিমানবন্দরের অধিকর্তা বিনোদ কুমার জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ ফ্লাইট ভিটিএজেভি হিসেবে পরিচালিত মেডিক্যাল বিমানটি রাঁচি থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। এই বিশেষ মেডিক্যাল ফ্লাইটে মোট ৭ জন ছিলেন— একজন রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, দু’জন অ্যাটেনডেন্ট, পাইলট-ইন-কমান্ড এবং একজন সহ-পাইলট।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, চার্টার্ড মেডিক্যাল এয়ারক্রাফটটি উড়ানে পর প্রথমে পরবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টেশনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। তবে নিয়ন্ত্রণ হস্তান্তরের পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রাঁচি বিমানবন্দরের সঙ্গে আর কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের এবং তাঁদের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরও অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে।

