সমাজের আলো।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের বাইরে ভোটাররা লাইনে দাঁড়ান। তাদের অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়ার হার ৪৭ দশমিক ৯১ শতাংশ। ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।

ভোট শুরুর আগে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটকক্ষ দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।

আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মাঠে রয়েছেন।

ভোটগ্রহণের দিন বিচ্ছিন্নভাবে কিছু অনিয়ম, সংঘর্ষের খবর এলেও বড় কোনো অঘটন ঘটেনি। অনিয়মের কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক, ভোট কর্মকর্তা প্রত্যাহার এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার মতো ব্যবস্থা নিতে দেখা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *