সমাজের আলো।। দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর এখন চলছে নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি। হবু মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি।
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে বিবেচনায় রাখা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়।
বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা।
নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের সরকারের আমলের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন, সেগুলো মিলিয়ে ৪০টি বাসভবন এখনই ওঠার মতো অবস্থায় রয়েছে। বর্তমানে ৪০টি বাড়ি প্রস্তুত থাকলেও নতুন সরকারের চাহিদার ওপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

