সমাজের আলো।। পাবনার ঈশ্বরদী উপজেলায় মাদকসেবী এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এলাকায় কেউ মাদক সেবন করলে তা প্রতিহত করার অঙ্গীকারও করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজনের অপমানজনক আচরণে ক্ষুব্ধ হন ওই যুবক। পরে নিজের ভুল উপলব্ধি করে এমন সিদ্ধান্ত নেন তিনি।

মাইকিং করা যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে।

মাইকিং করে ফাইম হোসেন বলেন,

এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি—আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, তবে আজকের পর থেকে আর করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তাহলে পুলিশে সোপর্দ করবেন।

তিনি জানান, নিজের খরচে ৩৫০ টাকা ব্যয় করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে মাইকিং করেছেন। ফাইম আরও বলেন, “এলাকায় যাতে কেউ মাদক সেবন করতে না পারে, সে জন্য যা করার প্রয়োজন আমি করবো। কেউ যদি আমাকে বা আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, একজন মাদকসেবীর এমন প্রকাশ্য অনুতাপ ও ঘোষণা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে অন্যরাও মাদক ছাড়তে উৎসাহিত হতে পারেন।

তবে কেউ কেউ এ ঘোষণার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, কেবল প্রকাশ্য ঘোষণা নয়—মাদক থেকে দূরে থাকতে দীর্ঘমেয়াদি দৃঢ়তা ও সামাজিক সহায়তাই হবে আসল চ্যালেঞ্জ।

ব্যক্তিগত অনুতাপ থেকে নেওয়া এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিলেও, তা কতটা বাস্তবায়িত হবে—সেই প্রশ্ন এখন এলাকাবাসীর মনে। তবু একজন যুবকের প্রকাশ্য স্বীকারোক্তি ও মাদকবিরোধী অঙ্গীকার স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *