যশোর অফিস
যশোরের চিহ্নিত নারী মাদক বিক্রেতা ১৭ মামলার আসামি শিলি বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক বিক্রির সময় চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেন ওরফে ছোটর স্ত্রী।
ডিবি পুলিশের উপপরিদর্শক বাবলা দাস বলেছেন, শিলি বেগম একজন কুখ্যাত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় মাদক বিক্রি করে থাকে। ইয়াবার ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার এলাকায় অভিযান চালানো হয়। রায়পাড়া কয়লা পট্টির আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় নারী ডিবি পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়।
তিনি আরো বলেছেন, এর আগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৭ টি মামলা ছিল। এই নিয়ে শিলি বেগমের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করা হলো। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *