যশোর অফিস
যশোর শহরের মনিহার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমারের নেতৃত্বে মনিহার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের দায়ে হাতেনাতে চার যুবককে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হামিদপুর পশ্চিমপাড়ার শাকিমার রহমান (২২) ও একই গ্রামের ইয়াসিন (২২)। তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালিয়াডাঙ্গা এলাকার রবিউল ইসলামকে (২২) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে হামিদপুর এলাকার বিপ্লব মোল্লা (২৩) কে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, যশোর শহরকে মাদকমুক্ত রাখতে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *