কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাইকেল চুরির অভিযোগে আটক আজিজ সানা (৩৫) সাতক্ষীরা জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে শ্যামনগর থানা।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন সময়ে নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাইকেল চুরির সময় মুসল্লিদের হাতে ধরা পড়েন তিনি। তার বাড়ি চর যমুনা, কালীগঞ্জ উপজেলা। তিনি এন্তাজ সানার পুত্র। পরবর্তীতে মুসল্লিরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগার-এ প্রেরণ করা হয়।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

