সমাজের আলো।।

সাতক্ষীরায় ঋতু পরিবর্তনের কারণে জেঁকে বসছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে দিনের বেলা গরম এবং রাতে শীত—আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১০০ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম এক সপ্তাহে এসব শিশু হাসপাতালে ভর্তি হয়। প্রতিদিন গড়ে আট থেকে ১০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে।

শিশু ওয়ার্ডে রোগীর ভিড় স্বাভাবিকের তুলনায় বেশি। আন্তবিভাগ (ইনডোর) ছাড়াও বহির্বিভাগে (আউটডোর) রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন শিশু বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছে।

চিকিৎসকেরা বলছেন, আক্রান্ত শিশুদের বড় একটি অংশের মধ্যেই নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।

জানা গেছে, (১ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত ১০০ জন শিশু নিউমোনিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে আট থেকে ১০ জন শিশু ভর্তি হচ্ছে। পাশাপাশি বহির্বিভাগে দৈনিক প্রায় ১০০ জন শিশু চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সামছুর রহমান বলেন, “ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সামান্য জ্বর বা কাশিকেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের ধুলোবালি থেকে দূরে রাখা এবং ঘাম বসতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।”

সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, “আবহাওয়া পরিবর্তনজনিত কারণে রোগের প্রকোপ দেখা দিচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বয়স্করাও এসব রোগে আক্রান্ত হতে পারেন। সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে রোগীর চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হলেও ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে শয্যা সংকটের আশঙ্কা রয়েছে।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *