সমাজের আলো।।
“সুরক্ষা করি জলাভূমি, বাঁচাই সংস্কৃতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণসায়ের খাল সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এএলআরডি-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, হেড, মৌমাছি, অর্জন ফাউন্ডেশন এবং প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ।
সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় এবং প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরিফুল্লাহ কায়সার সুমন, হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। এছাড়াও সংহতি প্রকাশ করেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, উন্নয়ন কর্মী রেহেনা পারভীন, তরিকুল ইসলাম অন্তর ও বায়েজিদ হোসেন।
বক্তাদের মূল বক্তব্য: মানববন্ধনে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “জলাভূমি দখল ও দূষণের ফলে সাতক্ষীরার পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে শহরের প্রাণ হিসেবে পরিচিত প্রাণসায়ের খাল আজ অস্তিত্ব সংকটে। প্রভাবশালী মহলের অবৈধ দখল ও শিল্প-বর্জ্যের কারণে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে।” তারা অবিলম্বে জলাভূমি সংরক্ষণে কার্যকর আইন প্রয়োগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
পেশকৃত ৮ দফা দাবিসমূহ জেলার সকল প্রাকৃতিক জলাভূমির হালনাগাদ তালিকা ও সীমানা চিহ্নিতকরণ। অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা। শিল্প ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। জলাভূমি সংরক্ষণে বিদ্যমান আইন ও নীতিমালার কঠোর বাস্তবায়ন। প্রাণসায়ের খালের পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ। খালের সাথে বেতনা নদীর প্রবাহ মুখটি দ্রুত উন্মুক্ত করা। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা। প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি করা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত মিছিল শহর প্রদক্ষিণ করে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

