সমাজের আলো।। ১০দিন বন্ধ থাকার পর শনিবার (২৮ মার্চ) থেকে ফের শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১৮ মার্চ (বুধবার) সকাল থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তবে কোন ছুটি উপলক্ষে এর আগে একটানা এতদিন ভোমরা বন্দরের কার্যক্রম বন্ধ থাকেনি। ফলে টানা ১০দিনে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এই লম্বা ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ মার্চ (বুধবার) সকাল থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দু’দেশের ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকাল থেকে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে গেছে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোমরা বন্দরে কর্মরতদের মধ্যে।
ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছুটির সময় পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহামন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলছে।
প্রসঙ্গত, বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনাময় এ স্থলবন্দরটি জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় ভোমরা বন্দরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে বিবেচনা করা হয়। ঈদের ছুটি ও সরকারি ছুটির কারণে সর্বাধিক টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *