কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আগে যারা দল করত তারা জেলে যেত, আর এখন যারা দল করে তাদের বহিষ্কার করা হয়—এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভায় বক্তারা।
বক্তারা বলেন, ফুটবল কোনো দলীয় প্রতীক নয় ফুটবল গরিব, অসহায়, দরিদ্র ও মেহনতি সাধারণ মানুষের প্রতীক। তাই ফুটবল প্রতীক নিয়ে সাধারণ মানুষ দলবেঁধে মাঠে নেমেছে। ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে বিরোধী শিবিরে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ডাঃ শহিদুল আলম দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি চাকরি, আরাম-আয়েশ ত্যাগ করে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। অথচ বিএনপি তাকে মূল্যায়ন না করে জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। ফলে জনগণই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে মাঠে নামিয়েছে। বক্তারা দাবি করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের সুপারিশ ও নির্দেশে সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সংখ্যা যত বাড়বে, ফুটবলের বাক্সে ভোট তত বাড়বে বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন, মেহনতি, গরিব ও অসহায় মানুষের সঙ্গে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে ফুটবল প্রতীকেই তারা ভোট দেবে। তিনি কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, সংসদ সদস্য থাকাকালীন কালিগঞ্জের কাকশিয়ালী ব্রিজ তৎকালীন বিএনপির যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের মাধ্যমে উদ্বোধন করা হলেও কাজী আলাউদ্দিন এখন সেটির কৃতিত্ব নিজের বলে দাবি করছেন। একইভাবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। এসব বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ বক্তা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি করলে খবর দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজকে এলাকায় থাকতে দেওয়া হবে না। বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, একজন ভালো মানুষকে বেছে নিয়ে আমরা ফুটবল প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। সবাইকে এই ভালো মানুষটিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, দল মূল্যায়ন না করলেও জনগণ ঠিকই ডাঃ শহিদুল আলমকে মূল্যায়ন করেছে। তিনি এখন জনগণের মনোনীত প্রার্থী তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সবার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু, মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা আব্দুল হামিদ, মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব এবং সাবেক বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদের। বক্তারা একটি ইসলামী দলের সমালোচনা করে বলেন, তারা জান্নাতের টিকিট বিক্রির কথা বললেও শ্রমজীবী নারীদের সম্মান দিতে জানে না। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিম। এর আগে বেলা ১১টায় ডাঃ শহিদুল আলম কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *