যশোর প্রতিনিধি
যশোরের আলোচিত উদীচী হত্যাযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৭ বছরেও এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উদীচীর নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে শহরের উকিলবার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। “আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে”—এই স্লোগান সামনে রেখে কর্মসূচিটি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় ১০ জন সাংস্কৃতিক কর্মী নিহত এবং শতাধিক মানুষ আহত হন। কিন্তু ঘটনার ২৭ বছর পেরিয়ে গেলেও হামলাকারীদের সনাক্ত করা যায়নি এবং বিচারও সম্পন্ন হয়নি।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার সময়কার সরকার বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখায় প্রকৃত দোষীরা আড়ালে থেকে যায়। তাদের মতে, সে সময় ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হলে এতদিনে এই হত্যাকাণ্ডের বিচার সম্ভব হতো।
তারা আরও বলেন, ফৌজদারি মামলার বিচার একবার হলেও তদন্ত একাধিকবার করা সম্ভব। তাই নতুন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। গত ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা একরাম উদ দ্দৌলা, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফরাজী আহমেদ সাইদ বুলবুল, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মুস্তাক হোসেন শিম্বা, বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল এবং উদীচী ট্রাজেডিতে আহত সুকান্ত দাসসহ অনেকে।
এছাড়া সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এবং নিহত ১০ শহীদের স্মরণে মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

