সমাজের আলো। ম্যাচ থেকে যে উত্তেজনা প্রত্যাশা করা হয়েছিল, তার ছিটেফোঁটাও দেখা গেল না। কার্যত একপেশে লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত। পরিসংখ্যান বেড়ে হল ৮-১।ফেব্রুয়ারির প্রথম দিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্তে অটুট থাকলে রবিবারের ম্যাচই হত না। হয়তো লজ্জার হাত থেকেও বেঁচে যেত পাকিস্তান। আট দিনে বয়কটের সিদ্ধান্ত বদলায় তারা। গোটা ঘটনার প্রভাব যে শুধু পাকিস্তানের উপরেই পড়েছে, সেটা স্পষ্ট হয়ে গেল রবিবারের ম্যাচে। দেখা গেল, দু’দেশেরক ম্যাচ এখন কেবল নামেই মহারণ! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে ৮-১ হয়ে গেল।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭৫/৭। জবাবে পাকিস্তান থেমে গেল ১১৪ রানে। শেষের দিকে শাহিন আফ্রিদি যদি না চালিয়ে খেলতেন তা হলে একশোরও কমে শেষ হয়ে যেতে পারত তাদের ইনিংস। ম্যাচের কোনও সময়েই পাকিস্তানকে দেখে মনে হয়নি তাঁরা এই ম্যাচ জিততে পারে। প্রথম দু’ওভারের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে অলৌকিক কিছু না হলে এই ম্যাচ ভারতই জিততে চলেছে। হলও তাই।
ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ঈশানের ব্যাটিং। কিন্তু গোটা দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে এই জয় আসত না। ফিল্ডিংয়ের সময় সূর্যকুমার যাদব সাহসী কিছু সিদ্ধান্ত নেন, যা দিনের শেষে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।

