কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার থেকে ৪ বোতল ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মৌতলা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের যানজটের মধ্যে দিয়ে মোটরসাইকেলে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় মোস্তাফিজুর রহমানের সঙ্গে এক ভ্যানচালকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। তখন মোস্তাফিজুর মোটরসাইকেল রেখে ভ্যানচালককে মারধর করতে থাকেন।
এ সময় বাজারে উপস্থিত স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তাফিজুরের কোমরে রাখা ৪ বোতল ফেনসিডিল মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে।
তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়। পরে মোটরসাইকেলের প্রকৃত মালিক হিসেবে মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী (বাবু) ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি নিয়ে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে মৌতলা ইউনিয়নসহ উপজেলার প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

