কালিগঞ্জ প্রতিনিধি:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। সভার শুরুতেই ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সংকার কুমার দে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাকিব আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ও জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, প্রধান শিক্ষক আল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার এক অমর অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করেছে। এ দিবস কেবল শোকের নয়, গৌরব ও প্রেরণারও।নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যথাযথ শৃঙ্খলা, নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করে দিবসের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।

