কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ এলাকায় অবস্থিত ব্রাদার ব্রিকস ওরফে বর্তমান সিয়াম ব্রিকস ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম।
অভিযানকালে বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অপরাধ স্বীকার করেন ব্রাদার ব্রিকসের ভারপ্রাপ্ত ভাটার মালিক ইশারাত হোসেন। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের শামসুদ্দিন সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০ বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

