সমাজের আলো।।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শওকত আলীর বিরুদ্ধে জাল এসএসসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে যোগদানের অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি উঠেছে।
জানা গেছে, দহখুলা গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের পুত্র মো: শওকত আলী তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার সরকারের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ২০ জুন ১৯৯২ তারিখে নিয়োগপ্রাপ্ত হন এবং একই বছরের ২৫ জুন পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
অন্যদিকে যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ও সার্টিফিকেট প্রদান করা হয় ১৩ আগস্ট ১৯৯২ তারিখে। ফলে প্রশ্ন উঠেছে—ফলাফল প্রকাশের আগেই কীভাবে এসএসসি সার্টিফিকেট ব্যবহার করে তিনি চাকরিতে যোগদান করেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তৎকালীন সময়ে প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তিনি চাকরিতে যোগদান করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক প্রধান শিক্ষক আব্দুল সাত্তারকে একটি গাছ কাটার মামলায় জড়িয়ে বরখাস্ত করানোর অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। পরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন বলে এলাকাবাসী দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো: শওকত আলীর সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো: আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *