সমাজের আলো।। দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবন্ত বাস থেকে কীভাবে বেরিয়ে আসতে পারলেন, তা ঠিকঠাক নিজেও জানেন না রাজীব সরদার। তবে বাসের জানালা দিয়ে ঢোকা পানির জোরালো স্রোত তাকে বেরিয়ে আসতে সহায়তা করেছে, এটুকু তার স্পষ্ট মনে আছে।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালের চত্বরে ২৭ বছর বয়সী রাজীব বলছিলেন মরতে মরতে বেঁচে ফেরার গল্প।বুধবার সৌহার্দ্য পরিবহনের যে বাসটি পদ্মা নদীতে তলিয়ে যায়, সেটি যাত্রা করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। রাজবাড়ী সদরের বাসিন্দা রাজীব বাসটিতে উঠেছিলেন গোয়ালন্দের জামলতা এলাকা থেকে; তার যাওয়ার কথা ছিল ঢাকায়।

একেবারে পেছনের দিকের একটি আসনে বসা রাজীব দুর্ঘটনার পর বাসের ভেতরে পড়ে যান।

ভয়াবহ সেই সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, “পড়ে যাওয়ার পরে বাস তখন তো পানির নিচে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের ওপরে প্রায় বারো-তেরোজন পড়ছে।

“আমি আপ্রাণ চেষ্টা করছি… পানির মধ্যে আমার গায়ের ওপরে যখন পড়ছে, পড়ার কারণে তখন মনে করেন যে আমি… করতে পারতেছি না।

ওই সময় বাসের জানালা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করেন রাজীব।

তিনি বলেন, “জানালা ধরার পরে আরও একজন না দুইজন… একজন পিঠের উপরে দাঁড়াইছে, একজন ঘাড়ে উঠছে। তাই মনে করেন যে আমি সামনে দিয়ে না যাইয়া… বাস যখন তলায় যাচ্ছে।”

সে সময় হঠাৎ পানির স্রোতের সহায়তা পান রাজীব। তিনি বলেন, “বাস যখন ডাইবে গেছে পানির নিচে, তখন বাসের যে একটা ভুম করে জানালা দিয়ে পানির একটা স্রোত আসতেছিল উপরের দিকে। উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির স্রোত ধইরাই উপরে উঠি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *