সমাজের আলো।। সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে মাদকাসক্তির প্রকোপ বাড়ছে খুব দ্রুত। মাদকাসক্ত ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে যেমন মাদকের সাহায্যে অতিরিক্ত সুবিধা ভোগ করছে আবার কিছু ক্ষেত্রে মাদকাসক্তির ফলে নিজের কর্মক্ষমতা নষ্ট করে সমাজের বোঝাতে পরিণত হচ্ছে। তাই বিশ্বের সকল দেশেই বিভিন্ন কারণে, বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্ট করার নিয়ম চালু রয়েছে।
বাংলাদেশেও এবার সরকারি, আধা-সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ বা চাকরি অব্যাহত রাখার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা-২০২৬’ প্রজ্ঞাপন জারি করেছে।বিধিমালায় বলা হয়েছে, যেকোনো প্রার্থী বা কর্মচারীর ডোপ টেস্টে মাদকদ্রব্য শনাক্ত হলে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরির জন্য অযোগ্য হবেন। ইতিমধ্যেই চাকরিতে রয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রে এটি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে এবং নির্দেশনা অনুযায়ী চিকিৎসা না নিলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে ডোপ টেস্ট পরিচালনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সভাপতি হবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সিআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিনিধি এবং নয়জন বিশেষজ্ঞ সদস্য থাকবেন। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

