সমাজের আলো।। ইতিমধ্যেই ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি জায়গায় হানা দিয়েছে তালিব সেনারা। খোস্তের আলিশেরে পাকিস্তানি আধাসেনা ফ্রন্টিয়ার কোরের একটি চৌকিও আফগান বাহিনী দখল করেছে।বিমান হামলার বদলা নিতে এ বার পাকিস্তানের সঙ্গে পুরদস্তুর যুদ্ধের বার্তা দিল আফগানিস্তানের শাসক তালিবান। বৃহস্পতিবার রাতে তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সীমান্তে হামলা শুরু করেছে তাদের বাহিনী! তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন, ‘‘আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার ওদের (পাকিস্তানি ফৌজ) নরকে পাঠাব।’’কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশের কয়েকটি জায়গায় হানা দিয়েছে তালিব সেনারা। খোস্তের আলিশের এবং নঙ্গরহর ও কুনার-সহ পাকিস্তানি ফ্রন্টিয়ার কোরের কয়েকটি চৌকিও আফগান বাহিনী দখল করেছে। নঙ্গরহর, নুরিস্তান, কুনার, খোস্ত, পকতিয়া এবং পকতিকা প্রদেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে তালিবান ফৌজের তুমুল সংঘর্ষ চলছে।শনিবার আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিহত হয়েছে অন্তত ৭০ জন টিটিপি জঙ্গি। তবে আফগানিস্তান পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ‘‘এর বদলা আমরা নেব।’’

