সমাজের আলো।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিশ্বনেতারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজকীয় এক অনুষ্ঠানে শপথ গ্রহণের পর রাতে সংসদ ভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিদেশি অতিথিরা।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে যোগ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাক্ষাৎকালে তিনি নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে ভারতের লোকসভার স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং আমাদের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে নতুন সরকারকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পাশে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *