সমাজের আলো।। চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা করে বোরকা পরে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারী সেনোয়ারা বেগম ওই এলাকার সাবের আহমেদের স্ত্রী। এদিকে তাকে খুনের অভিযোগে আটক ছোট ভাইয়ের নাম জানে আলম। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী ও ছেলে মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাওয়ায় বাসায় একাই ছিলেন সেনোয়ারা বেগম। এ সময় জানে আলম এসে বোনের স্বর্ণালংকার নিয়ে নেন। এতে বোন সেনোয়ারা বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করেন জানে আলম। পরে জানে আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে বাইরে লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জানে আলমকে থানায় নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে নিহত নারীর ছেলে সেকান্দার হোসেন বলেন, ‘বাসায় আমার মা একা থাকায় তাকে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার মামা। তারাবিহর নামাজ পড়ে এসে দেখতে পাই, আমার মামাকে লোকজন আটক করে রেখেছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *