সমাজের আলো।। সম্ভাব্য পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলা মডেলে তেহরানে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের নির্দেশ দেবেন তিনি? দুনিয়া জুড়ে সেই নিয়ে বাড়ছে জল্পনা।

পারস্য উপসাগরে যুদ্ধের বিউগল! চক্রব্যূহে ইরানকে ঘিরতে একগুচ্ছ রণতরী নিয়ে এগোচ্ছে মার্কিন নৌবাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ভেনেজ়ুয়েলার কায়দায় এ বার সেখানে সামরিক অভিযানের নির্দেশ দেবেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তেহরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) আয়াতোল্লাহ আলি খামেনেইকে ‘অপহরণ’ এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন তাঁরা। যদিও ‘অপারেশনে’ নেমে শিয়া মুলুকটিতে লেজে-গোবরে হওয়ার ৪৬ বছরের পুরনো কলঙ্ক এখনও মুছতে পারেনি ওয়াশিংটন।চলতি বছরের ২ জানুয়ারি মধ্যরাতে (স্থানীয় সময় রাত ২টো নাগাদ) লাটিন আমেরিকার দেশ ভেন‌েজ়ুয়েলায় আক্রমণ শানায় মার্কিন ফৌজ। ওই সময় রাজধানী কারাকাসে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় আমেরিকার ডেল্টা ফোর্স। এই সামরিক অভিযানের কোড নাম ছিল ‘অপারেশন অ্যাবসোলিউট রিজ়লভ’ বা চরম সংকল্প। তা শেষ হওয়ার কয়েক দিনের মাথায় পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। পাশাপাশি, তেহরান নিয়ে সুর চড়াতে থাকেন ট্রাম্প।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *