যশোর প্রতিনিধি
যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উভয় পক্ষের হামলা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়,পারিবারিক কবরস্থানের একটি গাছ নিয়ে বিএনপি নেতা জালাল মাঝির সাথে জামায়াতের সমার্থি বাসারের বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকেলে বাসার তার সহযোগী আলামিন, মাহাবুব, ইছাদুলসহ ৫/৬ জন নিয়ে জালালের কাছে গাছের জন্য টাকা চায়। কথাকাটির একপর্যায়ে মারামারির এ হামলার ঘটনা ঘটে। এসময় জালালকে বেদম মারপিট করে আহত করা হয়। জালালের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে জামায়াতের কর্মীদের মারপিট করে। এর প্রতিবাদে বিকেলে বিভিন্ন এলাকা থেকে দুইশতাধিক জামায়াতের নেতাকর্মীরা ভাটপাড়া বাজারে জড়ো হয়ে মিছিল বের করে। মিছিল থেকে জামায়াতের কর্মীরা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবল শেখ,খালিদ শেখ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাফুর রহমান ইউসুফ,থানা ছাত্রদলের সহসভাপতি জাকির শেখ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শাহিন শেখসহ কয়েকজনকে মারপিট করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জামায়াতের ৯ কর্মী আহত হয়। আহতদের মধ্যে বিএনপির খালিদ ও ইকবলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জামায়াতের আহত কর্মীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ওসি এস.এম. নূরুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

