যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তেঁতুল পাড়তে গাছে ওঠার সময় পড়ে গিয়ে ফাইজুল ইসলাম নামে এক বন্দির পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কারাগার হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে থাকা কারাগারের ভেতরের প্রধান রক্ষী (সুবেদার) হাবিবুর রহমান শীতলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেল কোড উপেক্ষা করে বন্দিকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছে এবং বিষয়টি কারা অধিদপ্তরে জানানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন হাজতি আসামি নাম প্রকাশ না করার শর্তে জানান, গত সপ্তাহে কারাগারের ভেতরে দায়িত্বরত প্রধান রক্ষী হাবিবুর রহমান শীতল বন্দি ফাইজুল ইসলামকে একটি উঁচু তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়তে বলেন। নির্দেশ অনুযায়ী গাছে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, বন্দি ফাইজুল ইসলাম তেঁতুল গাছে উঠে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট আব্দুর রহিম বলেন, বন্দিকে গাছে উঠানোর অভিযোগে ভেতরের প্রধান রক্ষী হাবিবুর রহমান শীতলকে কৈফিয়ত তলব করা হয়েছে। বিষয়টি কারা অধিদপ্তরে জানানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কারাগারের অভ্যন্তরে পরিচালিত ক্যান্টিনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগও উঠেছে। সূত্র দাবি করছে, বন্দি ও হাজতি আসামিদের জন্য চালু থাকা ক্যান্টিনে বাইরের বাজারের তুলনায় বেশি দামে বিভিন্ন খাবার বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, এক টুকরো মুরগির মাংস ৪০ থেকে ৫০ টাকা এবং গরুর মাংস ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলমূলসহ অন্যান্য খাদ্যপণ্যও তুলনামূলক বেশি দামে বিক্রি করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, বন্দিদের জন্য ‘পিসি কার্ড’ পদ্ধতির মাধ্যমে এসব কেনাবেচা করা হয়। অভিযোগ রয়েছে, এ ক্যান্টিন পরিচালনার মাধ্যমে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সুপারিনটেনডেন্ট আব্দুর রহিম বলেন, ক্যান্টিন সংক্রান্ত বিষয়গুলো জেলারের সঙ্গে কথা বলে জানতে বলেন।

