শহিদ জয়,যশোর

যশোর কোতোয়ালি মডেল থানার আধুনিক ভবন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বর্তমান থানা ভবনসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে থানার সব কার্যক্রম অস্থায়ীভাবে শহরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ এপ্রিলের মধ্যে থানার কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে সরিয়ে নেওয়া হবে এবং ১০ এপ্রিল থেকে পুরোনো ভবন ভাঙার কাজ শুরু হতে পারে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকেই কোতোয়ালি থানার সব কার্যক্রম পরিচালিত হবে।

যশোর গণপূর্ত অধিদপ্তর জানায়, নতুন ভবন নির্মাণে প্রায় ২৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ১৫ শতক জমির ওপর প্রায় ২৬ হাজার বর্গফুট আয়তনের এই ভবনটি চারতলা পর্যন্ত নির্মিত হবে, তবে ভিত্তি থাকবে ছয়তলা উপযোগী করে। ভবনে ডিউটি অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অস্ত্রাগার, রিসিভশন, নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক ব্যারাকসহ আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে। এছাড়া থাকবে পর্যাপ্ত পার্কিং সুবিধা।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন থানা ভবন হবে, যা পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করবে। পুরো নির্মাণকাজ শেষ হতে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।

এদিকে, নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো থানা ভবনসহ তিনটি ভবন প্রায় ২৪ লাখ ৯৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের ঠিকাদার মাহবুবুর রহমান সর্বোচ্চ দরদাতা হিসেবে ভবনগুলো কিনেছেন। এর মধ্যে থানা ভবনটি ৯ লাখ ২৬ হাজার টাকা, উপ-পরিদর্শকদের কোয়ার্টার ৬ লাখ ৮৫ হাজার টাকা এবং সহকারী উপ-পরিদর্শকদের কোয়ার্টার ৮ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, নির্মাণকাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

তিনি আরও জানান, মহান মুক্তিযুদ্ধের সময় কোতোয়ালি থানায় কর্মরত চারজন শহীদ পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভটি নির্মাণকাজের প্রয়োজনে অপসারণ করা হবে। তবে ভবন নির্মাণ শেষে তাদের স্মরণে নতুন করে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থানার কার্যক্রম স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জনগণের সেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *