যশোর অফিস।।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে বহিঃবিভাগের সামনে থেকে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে বেলা ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন যশোর চাচড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল মান্নান (৫০)ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আলী হোসেনের ছেলে সুমন)৪০)।
পুলিশ জানিয়েছে যশোর মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাকিব(২৪) এর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। অভিযোগে বলা হয়, রাকিবকে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে হাসপাতাল এলাকা থেকে ‘ডাক্তার ল্যাব সেন্টার’ নামের একটি ক্লিনিকে নিয়ে যায় দালাল চক্রের সদস্যরা। সেখানে চিকিৎসা দেওয়ার নামে তার সঙ্গে প্রতারণা করা হয়।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে বহিঃবিভাগের সামনে থেকে ওই দুইজনকে আটক করে হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

