যশোর প্রতিনিধি
রমজান মাস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে তদারকি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে একই আইনের ৪৩ ধারায় নাভারন ডেয়ারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এভাবে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান। এ সময় ক্যাবের সদস্য এবং জেলা ও থানা পুলিশের দুটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *