সমাজের আলো।। এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই। বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আমরা আশাবাদী- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সংবাদকর্মীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দলগতভাবে এখনও সেভাবে চিন্তাভাবনা করিনি। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কিছুটা উদ্বেগ থেকে যায়, কারণ বিগত ১৫ বছরের নির্বাচনে এত বেশি কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যে অনেকে ভালো নির্বাচন হতে পারে, ভাবতেই পারেন না। তবে সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে এবং ইঞ্জিনিয়ারিং কার্যকর প্রভাব ফেলতে পারবে না।’
নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশা সম্পর্কে দলটির মহাসচিব বলেন, প্রত্যাশা একটাই। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। এই নির্বাচনটি হবে গেটওয়ে। এই গেটওয়ে পার হলে আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে। তাই এই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি।

