সমাজের আলো।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের উপজেলা প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর রাজনৈতিক নামধারী দুর্বৃত্তদের বর্বোরচিত ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে ঢুকে হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার শামিল। ইট, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক সামিউল মনিরকে যেভাবে জখম করা হয়েছে, তা কেবল অমানবিকই নয় বরং চরম ধৃষ্টতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কলম যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, জনৈক আনোয়ারুর ইসলাম আঙ্গুরের নেতৃত্বে যেভাবে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাবের ভেতরে তাণ্ডব চালানো হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই মব ভায়োলেন্স বা জনতা-সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।

নেতৃবৃন্দ মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের ঘোষিত মানববন্ধন কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ সকল হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে সাতক্ষীরার সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, এন টিভির জুলফিকার আলী জিন্নাহ, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *