সমাজের আলো।। নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
আজকের দিনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে তার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

