সমাজের আলো।। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে বিভিন্ন এলাকার অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০ জন দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে বুধবার সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর বড়বাজার, চালতেতলা বাজার ও কলারোয়া বাজারে অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দশটি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে,সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *