কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমকে নিভৃত মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।রবিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসীর আয়োজনে উত্তর শ্রীপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতি করে ডাঃ শহিদুল আলম মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অথচ পুরস্কার হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সেই অবিচারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে।
বক্তারা বলেন, ফুটবল এখন জনগণের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণই ফুটবলের মালিকানা দিয়ে ডাঃ শহিদুল আলমকে সংসদে পাঠাবে। জনগণের বিজয় কেউ রুখতে পারবে না। তারা বিএনপির কিছু নেতার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকা নেতারাই আজ ত্যাগী নেতাদের বহিষ্কার করছে। জনগণই সকল ক্ষমতার মালিক—তারাই কাউকে গ্রহণ করবে, আবার বর্জনও করবে। সভায় আরও বলা হয়, উন্নয়নের নামে যারা বড় বড় কথা বলছে তারা বাস্তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও দলবাজি ছাড়া কিছুই দিতে পারেনি। বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের উন্নয়নের দাবিকে মিথ্যাচার উল্লেখ করে বক্তারা বলেন, তার আমলে বাঁশতলা ও কালিগঞ্জ–কাকশালি সেতু বাস্তবায়ন হয়নি। এসব মিথ্যার জবাব ভোটের মাধ্যমেই দেওয়া হবে।
ধর্মের অপব্যবহার প্রসঙ্গে বক্তারা বলেন, ইসলামের নাম ভাঙিয়ে জান্নাতের টিকিট বিক্রির অপচেষ্টা চলছে, এসব কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা। জনসভার প্রধান অতিথি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বলেন, কোনো হুমকি-ধমকিতে ভোটারদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের কোনো স্থান হবে না। সাধারণ মানুষের পাশে থেকে তিনি এসব অপরাধ নির্মূলে কাজ করবেন বলে আশ্বাস দেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজের সঞ্চালনায় এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সেরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা রাখেন সাবেক বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সহ-সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি লতিফুর রহমান বাবলু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুল খান, যুবদল নেতা ফিরোজ আহমেদ, নুরুল হক, হাফিজুল ইসলাম, আনারুল ইসলাম আকুল, হিন্দু বৌদ্ধ কৃষ্ণ ঐক্য পরিষদের গোপী রঞ্জন অধিকারীসহ অনেকে।

