সমাজের আলো।। অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয় পেয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ১৫১টিতে জয় নিশ্চিত করেছে বিএনপি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের সাংবিধানিক ভিত্তি তৈরি হয়েছে তাদের সামনে।

প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হচ্ছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠিত দলটি পেয়েছে ৪২টি আসন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি তিনটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। চারটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এখনো ৯৪টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা বাকি থাকলেও বেশ কিছু আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয় সংস্কার প্রশ্নে গণভোট। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোটই জয়যুক্ত হয়েছে। এর ফলে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নের প্রতি জনগণের সম্মতি মিলেছে বলে দাবি করা হচ্ছে। যদিও গণভোটের প্রশ্নপত্রের ভাষা ও প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে; অনেকেই বলছেন, নাগরিকদের একটি অংশ বিষয়টি পুরোপুরি না বুঝেই ভোট দিয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *