শহিদ জয়, যশোর
যশোরে আদালত বর্জন ইস্যুকে কেন্দ্র করে বার ও বেঞ্চের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালত বর্জন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগ করে তিনি বলেন, বিচারক আইরিন পারভীন আইনজীবীদের বাদ রেখেই বাদী ও আসামি পক্ষের স্বজনদের নিয়ে বিচারকাজ পরিচালনা করছেন এবং বাড়তি পুলিশি ব্যবস্থাও নিচ্ছেন। তার দাবি, বিচারক আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা সমীচীন নয়।
তিনি আরও বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে অভিযোগ করেন, আইরিন পারভীন আইন-কানুন যথাযথভাবে জানেন না এবং জেলা ও দায়রা জজ হিসেবে অযোগ্য। এ বিষয়ে আইনজীবীরা সমিতিতে অভিযোগ জানান এবং অনাস্থা প্রকাশ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের সঙ্গে বৈঠকও করা হয়েছিল। সে সময় তিনি পরিস্থিতি সমাধানের আশ্বাস দেন এবং দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু পরে তার আচরণ আরও খারাপ হয়েছে বলে দাবি করেন আইনজীবীরা।
সর্বশেষ গত বুধবার জরুরি সভা করে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের দুটি আদালত ও যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এরপর বিচারক আইরিন পারভীন আইনজীবী ছাড়াই বিচারকার্য শুরু করেন বলে অভিযোগ ওঠে। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই আদালতে অন্য কোনো বিচারক দায়িত্ব পেলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবেন। কিন্তু বিচার বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং আইনজীবীদের প্রতিপক্ষ ভেবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ সময় আরও অভিযোগ করা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদও বারের সঙ্গে সমন্বয় না করে আদালতের এজলাস শুরুর সময় পরিবর্তন করেছেন। সার্বিক বিষয় তুলে ধরে আগামী বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আইনজীবী নেতারা এবং আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুর, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী মঈনুল হক খান ময়না প্রমুখ।
আদালত সূত্র জানায়, যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম গত বছরের ২৮ আগস্ট বদলি হন। পরে ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগ দিলেও চলতি বছরের ৫ জানুয়ারি তিনিও বদলি হন। এতে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এর মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম. এম. মোর্শেদ কিছুদিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করলেও সম্প্রতি তিনি ঢাকায় বদলি হন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হলে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা এবং সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

