আশাশুনি প্রতিনিধি|
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাঙ্গলবাড়ি গ্রামে আট বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে রজব আলী সরদার (৬০) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (৯ মার্চ ২৬) রোজ মঙ্গলবার আনুলিয়া ইউনিয়নের নাঙ্গলবাড়ি গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্টুর মেয়ে বিথী (৮) প্রতিদিনের মতো সকালে আরবি পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে ওত পেতে থাকা প্রতিবেশী রজব আলী সরদার শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়ির ভেতর নিয়ে যায়। ঘরে নিয়ে দরজা আটকে দিয়ে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। শিশুর চিৎকার শুনে এক প্রতিবেশী নারী দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রজব আলীকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরবর্তীতে খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।আশাশুনি থানার এসআই রাজিব জানান অভিযুক্ত রজব আলীকে জনতা আটক করে রেখেছিল। উত্তেজিত জনতার মারধরে সে আহত হওয়ায় তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

