কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও সরকার নির্ধারিত ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে কালিগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত মুদি ব্যবসা প্রতিষ্ঠান মান্দার স্টোরের মালিক ইয়াহিয়া খানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।
এছাড়া উপজেলার পাউখালি এলাকায় একটি মুদিখানা দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *