আশাশুনি প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর আসতে এখনো বেশ কয়েক দিন বাকি। তবে আশাশুনির বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে এখনই শুরু হয়েছে ‘ঈদ সালামি’র নামে একশ্রেণির কথিত সংবাদকর্মীর দাপট। নামসর্বস্ব ও অখ্যাত সব সংবাদপত্রের কার্ড ঝুলিয়ে একদল ব্যক্তি কর্মকর্তাদের কাছ থেকে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের এমন অপতৎপরতায় বিব্রত ও ক্ষুব্ধ আশাশুনি উপজেলার মূলধারার সংবাদকর্মীরাও। ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, দলবেঁধে অফিসে ঢুকে এঁরা ঈদ সালামির জন্য চাপ সৃষ্টি করছেন। এতে দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।ইদ বা বড় অনুষ্ঠানের নাম করে বহিরাগত সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে উপজেলায় ।কোনো কারন ছাড়াই চাওয়া হয় তেল খরচ ও লাঞ্চ খরচ। ইটভাটা ও ভূমি অফিসের কর্মকর্তারা জানান খুলনা, তালা, পাটকেলঘাটা ও জেলা প্রতিনিধি পরিচয়ে ফেসবুক ও অনলাইন পোর্টালের পরিচয়ে অফিসপাড়ায় এসে আচমকা অর্থ চাওয়া হচ্ছে। তাদের মুখের প্রথম কথা আমরা কখনোও আপনাদের এখানে আশিনি,যাহা মন চায় দেন। তবে সচেতন মহলের দাবি অফিস ও ইটভাটায় এসে হঠাৎ টাকা চাওয়ার ধরন বোঝা যায় যে তারা সংবাদপত্রের সাথে কখনোও জড়িত ছিলো না। চাঁদাবাজি করতে তারা সাংবাদিক সেজেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি দপ্তরের প্রধান বলেন, “কয়েক দিন ধরে ১০-১৫টি গ্রুপ এসে টাকার তাগাদা দিয়ে গেছে। অনেকে পত্রিকার নামে ‘ঈদ কার্ড’ দিয়ে বিনিময়ে টাকা চাইছেন। বিশেষ করে তালা ও পাটকেলঘাটা এলাকার কিছু লোক দলবেঁধে এসে টাকা না পাওয়া পর্যন্ত চেয়ার ছেড়ে উঠতে চান না। এদের চাপে আমরা ঠিকমতো অফিস করতে পারছি না।”
আরেকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকে স্টাফ রিপোর্টার বা ক্রাইম রিপোর্টার পরিচয় দিচ্ছেন, অথচ সেসব পত্রিকার নাম আগে কখনো শুনিনি। শুনেছি এঁদের কেউ আগে বাসের হেলপার, হকার বা মিস্ত্রি ছিলেন। এখন একটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদাবাজি করছেন।”

নাগরিক সমাজ বলেন “সাংবাদিকতাকে পুঁজি করে এই চাঁদাবাজি বন্ধ হওয়া জরুরি। এরা মহান এই পেশাকে কলঙ্কিত করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
পেশাদার সাংবাদিকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। “এসব ভুঁইফোড় সাংবাদিকরা গণমাধ্যমের ভাইরাস। এদের জন্য মূলধারার সাংবাদিকদেরও পরিচয় দিতে বিব্রত হতে হচ্ছে।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *