সমাজের আলো।। : কলারোয়ায় অবৈধভাবে দাখিল মাদ্রাসার ৩ লক্ষাধিক টাকার গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। যোগসাজস করে গাছ বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীরা জানান।
সরকারি গাছ বিক্রির এ ঘটনাটি ঘটেছে সোমবার ২০ এপ্রিল থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায়।
সরেজমিনে জানা গেছে, সরসকাটি দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষের সামনে দিয়ে সারি সারি ১০/১২ টি বড় ও মাঝারী আকৃতির মেহগনি গাছ আছে। এর মধ্যে মাদ্রার অফিস কক্ষের সামনে মাদ্রাসায় ক্লাস চলাকালীন অবস্থায় বড় আকৃতির ২ টি মেহগনি গাছ কেটে ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। জানতে চাইলে মেহগনি গাছ ক্রেতা কাঠ ব্যবসায়ী সরসকাটি বাজারের আরিফুল ইসলাম বলেন, ৫ টি গাছের দাম ৩ লক্ষাধিক টাকা। এর মধ্যে তিনি বড় আকৃতির একটি মেহগনি গাছ মাদ্রাসা সুপারের নিকট থেকে ৭৩ হাজার টাকায় ক্রয় করেছেন। অন্য গাছগুলি কে বা কারা কিনেছে তা তিনি জানেন না।
এ দিকে নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না। সব মাদ্রাসা সুপার জানেন। তবে গাছ বিক্রির টাকা মাদ্রাসার ফান্ডে বা মাদ্রার কোন উন্নয়ন কাজে ব্যয় করা হয়নি।
এ বিষয়ে সরসকাটি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ট মাওলানা মুজিবুর রহমান জানান, ঝড়ে কয়েকটি গাছ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর মধ্যে একটি গাছ বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন ব্যাক ডেটে একটি রেজুলেন করা আছে বলে প্রসঙ্গ এড়িয়ে যান।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান বলেন, সম্প্রতি একটি গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাছটি মাদ্রাসা সুপার বিক্রি করেছেন মর্মে তিনি জেনেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রির জন্য সুপার সরকারের যথাযথ নিয়ম অনুসরণ করেননি । যেটি তার ভূল হয়েছে
জানতে চাইলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তিনি কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া কোন অবস্থাতেই মাদ্রাসা সুপার বা সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে পারবেন না। এটা অপরাধ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

