যশোর অফিস
ভারতে পাচার হওয়া এক বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীর নাম ইশা ইয়াকুব হুসাইন একা ওরফে নুপুর (২৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের স্বপন হোসাইন মিয়াজির মেয়ে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুর সূত্রে জানা গেছে,বাংলাদেশ উপ-হাইকমিশন,মুম্বাই থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাইয়ের এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ সময় উভয় দেশের বিজিবি,বিএসএফ,পুলিশ, মানবাধিকারকর্মীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তিনি ২০২৪ সালে দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হন। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি পুলিশের হাতে আটক হন। পরে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে এবং দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান,দেশে ফেরত আসা নারীর ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান,পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ওই নারীকে সংস্থার হেফাজতেই রাখা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *