সমাজের আলো।। সাতক্ষীরায় একটি হত্যা মামলার সাক্ষী হওয়ায় আসামি ও তার লোকজন এক ব্যক্তিকে নানাভাবে হয়রানি করাসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্মেলনে সাতক্ষীরা শহরের বদ্দীপুর কলোনি এলাকার মো. মতিউর রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পুরাতন সাতক্ষীরা কবিরাজ মোড় এলাকার আব্দুর রউফের ছেলে আবিদ খান আওয়ামী সরকারের পেটোয়া বাহিনীর দ্বারা ২০১৪ সালে খুনের শিকার হন। পরবর্তীতে ওই খুনের ঘটনায় তৎকালীন পুলিশ সুপার মঞ্জুরুল কবির সহ প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হয়। উক্ত মামলাটি আওয়ামী লীগ সরকারের আমলে হওয়ায় আলোর মুখ দেখিনি। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলে পুনরায় দু’টি মামলা হয়। ওই মামলা দুটিতে আমি প্রত্যক্ষ সাক্ষী। এই ঘটনার কারণে আসামীরা আমাকে খুন করে গুম করার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। আব্দুস সবুর আরও বলেন, পরবর্তীতে ২০২৪ সালের ২৭ অক্টোবর বৈধ পাসপোর্টে আমি ভারতে যাই। পরে ৭ নভেম্বর আমার গন্তব্যস্থল মধ্যমগ্রামে থাকা অবস্থায় (ভিসা চলমান) ভারতীয় পুলিশ দ্বারা মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে আদালতে রিমান্ড আবেদন করে। যাতে আমি বিনা কারণে ১৩ দিন রিমান্ড খাটি ও ২৮ দিন জেল খাটি। ইন্ডিয়ার থানায় রিমান্ডে থাকা অবস্থায় ভারতীয় র’ বাহিনীর দ্বারা আমাকে জীবনে মেরে ফেলার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। রিমান্ডে ভারতীয় পুলিশ আমার আত্মীয়দের নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা গ্রহণ করে এবং সর্বসাকুলে আমার প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধন করে। পরে আমার ভিসার মেয়াদ শেষ হওয়ায়, ভিসা বাড়ানোর জন্য আবেদন করে ব্যর্থ হওয়ায় ভারতীয় পুলিশ হাকিমপুর বর্ডার দিয়ে ২০২৫ সালের ১৩ অক্টোবর আমাকে পুশ ব্যাক করে।
তিনি আরো বলেন, আমি দেশে এসে উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান (৭০), এস.এম মাকসুদ খান (৪২), আতিয়ার রহমান (৫১), এস.এম শওকত হোসেন সহ ২৯ জন আসামীর নাম উল্লেখ করে সাতক্ষীরার আমলী ৪ কলারোয়া আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআই অফিসার সঞ্জয়ের উপর দায়িত্ব অর্পন করেন। কিন্তু পিবিআই অফিসার সঞ্জয় দায়িত্ব গ্রহণ করার পর বাদী এবং সাক্ষীদের ডেকে মামলাটি কেন আন্তর্জাতিক আদালতে করা হয় নাই, কেন আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করলাম? ইন্ডিয়ার ঘটনা আমি কিভাবে তদন্ত করব? আমি এ ধরনের মামলার তদন্ত করতে পারব না? এ ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে আমাকে। এছাড়া অফিসার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নিকট থেকে গোপনে মোটা অংকের আর্থিক লেনদেনের বিনিময়ে মামলাটির সঠিক তদন্ত করবেন না বলে আমি মনে করছি।
তিনি অভিযোগ করে বলেন, পিবিআই অফিসার সঞ্জয় একজন ঘুষখোর, দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পোষা গোলাম। তিনি আওয়ামী আসামীদের রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি সহ আমার পরিবার অত্যাচার থেকে রক্ষা পেতে চাই।
তিনি মামলাটি যাতে সঠিক ও যুক্তিযুক্ত তদন্ত হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

