সমাজের আলো।। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের রক্ষা করে বিজিবি সদস্যরা গুলি চালিয়েছে। আজ ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩ নিকটে এ ঘটনা ঘটে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

সাতক্ষীরা ৩৩ জিবি বিজিবি সূত্র জানায় তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান।তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হয়।তারা নির্দেশ না মেনে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *